যুক্তরাষ্ট্রের বন্দরে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ‘জোনস অ্যাক্ট’ শিথিলের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটির পতাকাবাহী জাহাজের পাশাপাশি বিদেশি জাহাজও এখন সহজে তেল ও গ্যাস পরিবহন করতে পারবে।
এর আগে মার্চ মাসে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর জ্বালানি সরবরাহ সচল রাখতে প্রথম দফায় ৬০ দিনের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল করা হয়। সেই পদক্ষেপের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই নতুন করে সময় বাড়ানো হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রাথমিক ছাড়ের পর পাওয়া তথ্যে দেখা গেছে, এতে জ্বালানি দ্রুত মার্কিন বন্দরে পৌঁছানো সম্ভব হয়েছে এবং সরবরাহ পরিস্থিতি উন্নত হয়েছে।
এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ থেকে ১০৭ ডলারের মধ্যে রয়েছে, যা ২৮ ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে প্রভাব পড়েছে, যার প্রভাব পানামা খালেও পড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আল-জাজিরা