কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

0
5
কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ শিশুসহ ৩৮ জনের বেশি আহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) কাউকা অঞ্চলের কাজিবিও এলাকার এল টানেল সেক্টরে বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই হামলা চালানো হয়। হামলার পর স্থানীয় কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান এ হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে ধ্বংসস্তূপ, ক্ষতিগ্রস্ত যানবাহন ও উদ্ধার তৎপরতা দেখা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলাকারীদের ‘সন্ত্রাসী ও মাদক পাচারকারী’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ জানান, হামলার পেছনে ফার্ক (FARC)-এর ভিন্নমতাবলম্বী গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে।

তিনি বলেন, গত দুই দিনে ওই অঞ্চলে অন্তত ২৬টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে পুলিশ স্টেশন ও সামরিক স্থাপনায় আক্রমণও রয়েছে।

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়া দীর্ঘদিন ধরে মাদক পাচারকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here