জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।
সংসদে বক্তৃতায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা এবং জামায়াতে ইসলামীর আমিরকে নিয়ে ‘নেতিবাচক’ প্রশ্ন তোলেন।
এর প্রতিবাদে সংসদে নিজের বক্তৃতায় কড়া জবাব দেন বিরোধী দলীয় নেতা।
তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য (ফজলুর রহমান) বয়সে আমার বড়। তিনি মুক্তিযুদ্ধে তার অবদানের সবকিছুই বলেছেন। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়িপেটার অধিকার কাউকে দেওয়া হয়নি।’
বিরোধী দলীয় নেতা বলেন, ‘তিনি ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করেছেন। তিনি বলেছেন—যে আমি বলে থাকি, আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন। এরপর তিনি বলেছেন—কোনো মুক্তিযোদ্ধা বা কোনো শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারেন না। তাহলে ওনাকে জিজ্ঞেস করে করা (জামায়াতে ইসলামীর রাজনীতি করা) লাগবে? এটি আমার নাগরিক অধিকার।’
তিনি আরও বলেন, ‘আমি কোন দল করব, আমি কোন আদর্শ করব; এর উপর হস্তক্ষেপ করার নূন্যতম অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি (পরিচয়) নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা তিনি গুরুতর অপরাধ করেছেন। আবার তিনি আমার আদর্শ বাছাইয়ের বিষয়ে প্রশ্ন তোলে বাড়তি অপরাধ করেছেন।’
‘আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার বক্তব্যের অসংশোধীয় অংশ বাদ দেওয়া হোক’—বক্তব্যে যোগ করেন ডা. শফিকুর রহমান।