ফরিদপুরে দাদি-ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার

0
20
ফরিদপুরে দাদি-ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে দাদি, ফুপু ও এক প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আকাশ তার নিজ বাড়ির পাশের একটি কলাবাগানে আত্মগোপন করে ছিলেন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন—আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। হামলায় রিয়াজুল ইসলাম ও আরজিনা বেগম নামে আরও দুই প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক কলহের জেরে আকাশ উত্তেজিত হয়ে এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে তারা চিরুনি অভিযান শুরু করেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আকাশকে থানায় নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্য বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here