প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসে ওলি-আউলিয়ার স্মৃতিধন্য হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।
প্রধানমন্ত্রী মাজার জিয়ারত শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মাজারের সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জোবায়দা রহমান, দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই সিলেটে বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতে বিমানবন্দরের রাস্তা থেকে শুরু করে মাজার এলাকা পর্যন্ত হাজারো মানুষের ঢল নামে।
এর আগে সকাল সোয়া ৮টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে বিমানে ওঠেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে:
বেলা ১১টা: সুরমা নদী সংলগ্ন চাঁদনী ঘাটে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে ভাষণ।
দুপুর ১২টা: সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন।
বিকেল ৩টা: সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন।
বিকেল ৫টা: জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশগ্রহণ।

