মেসির নৈপুণ্যে ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মায়ামির

0
25
মেসির নৈপুণ্যে ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মায়ামির

নতুন নু স্টেডিয়ামে আবারও জয়হীন রইল ইন্টার মায়ামি। লিওনেল মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে এগিয়েও শেষ পর্যন্ত ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ গোলে হারতে হয়েছে তাদের।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। ৪র্থ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার ক্রস থেকে ইয়ান ফ্রের হেডে লিড নেয় স্বাগতিকরা। ২৫ মিনিটে মেসির পাসে ব্যবধান বাড়ান সেগোভিয়া। এর কিছুক্ষণ পর বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মেসি।

প্রথমার্ধে বড় জয় নিশ্চিত মনে হলেও ম্যাচের মোড় ঘুরে যায় ৩৯ মিনিটে মার্টিন ওজেদার গোলের পর। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যার একটি ছিল পেনাল্টি থেকে। এতে সমতায় ফেরে ওরল্যান্ডো।

শেষ পর্যন্ত ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে টাইরিস স্পাইসারের গোলে নাটকীয় জয় পায় সফরকারীরা।

ম্যাচে ৬৪ শতাংশ বল দখল ও ২৬টি শট নিয়েও জয় পায়নি মায়ামি। বিপরীতে কম সুযোগ পেয়েও কার্যকর ফিনিশিংয়ে ম্যাচ ছিনিয়ে নেয় ওরল্যান্ডো, যারা পয়েন্ট টেবিলে নিচের দিকের দল।

এই হারে মায়ামির দুর্বল রক্ষণ ও নতুন স্টেডিয়ামে টানা জয়হীনতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here