কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় মাদক-জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

0
25
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় মাদক-জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

সারাদেশে চলমান অস্ত্র, মাদক ও জুয়াবিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এর মধ্যে অধিকাংশই মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সোমবার (৪ মে) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মে রাত থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদকসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরো ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম (পিপিএম) জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির (পিপিএম) নির্দেশনায় মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here