মানবতাবিরোধী অপরাধের মামলা: মাসুদ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ জুলাই জমা দেয়ার নির্দেশ

0
20
মানবতাবিরোধী অপরাধের মামলা: মাসুদ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ জুলাই জমা দেয়ার নির্দেশ

ফেনীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২১ জুলাই জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত করবে তদন্ত সংস্থা।

গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ডে নেয়া হয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীকে।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন–সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

মাসুদ উদ্দিন ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।

জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় (২০১৮ ও ২০২৪) ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য ছিলেন তিনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান। জাপার মনোনয়নে নির্বাচন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here