কর্ণফুলীতে বন্দর কর্তৃপক্ষের জাহাজ থেকে ডিজেল পাচার, আটক ৯

0
14
কর্ণফুলীতে বন্দর কর্তৃপক্ষের জাহাজ থেকে ডিজেল পাচার, আটক ৯

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত চক্রের ৯ সদস্যকে আটক করা হয়। রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-৬’ জাহাজ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে চোরাইভাবে ডিজেল পাচার করা হচ্ছে।

অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here