মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২; মারা গেছে ৪ গরু

0
2
মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২; মারা গেছে ৪ গরু

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় পৃথক স্থানে আরও দুইজন আহত হয়েছেন এবং মাঠে থাকা চারটি গরুরও মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৫৫) সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন গাংনী উপজেলার কসবা গ্রামের রবিউল ইসলাম (৬০) এবং ভরাট দুর্লভপুর গ্রামের খাদিজা খাতুন (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সোনাপুর এলাকার ভেদাগাড়ি মাঠে মরিচের জমিতে কাজ করছিলেন আব্দুর রশিদ। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, গাংনী উপজেলার ডোবাপাড়া মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রবিউল ইসলাম। এ সময় তার চারটি গরু ঘটনাস্থলেই মারা যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া ভরাট দুর্লভপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানরত কিশোরী খাদিজা খাতুনও বজ্রপাতে আহত হন। তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমারী খাতুন জানান, আহত দুইজনই চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here