ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিষাদের ঈদ: ট্রাক উল্টে ১৫ জনসহ ১৬ জনের প্রাণহানি

0
2
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিষাদের ঈদ: ট্রাক উল্টে ১৫ জনসহ ১৬ জনের প্রাণহানি

ঈদসহ বিভিন্ন উৎসবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি বাড়ি ফেরা মানুষের আনন্দ-উল্লাসও বেড়ে যায়। কখনো কখনো যানজটের দুর্ভোগ পোহাতে হলেও স্বজনদের সঙ্গে ঈদ করার আনন্দের কাছে যাত্রীরা তা নিমিষেই ভুলে যান। তবে এবারের ঈদযাত্রা উত্তরবঙ্গগামী বেশ কিছু পরিবারের জন্য এক নিমিষেই রূপ নিয়েছে চরম বিষাদে। মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন এবং যমুনা সেতুর পূর্বপাড়ে পৃথক এক মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। উৎসবের আনন্দ ছাপিয়ে মহাসড়ক এখন রূপ নিয়েছে লাশের সারিতে, পরিবারগুলোতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রড ও বিপুলসংখ্যক যাত্রী বোঝাই করে একটি ট্রাক চট্টগ্রামের অলংকার মোড় থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী নিহত হন এবং অন্তত ৬ জন গুরুতর আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে ৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার সাগর মিয়া ও রবিউল ইসলাম; রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল ও মামুন এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার সারিকুল। দুর্ঘটনায় বেঁচে ফেরা হকার রাব্বানি জানান, তাঁরা রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রওনা হয়েছিলেন। ভোরে দুর্ঘটনার সময় বেশির ভাগ যাত্রীই ঘুমে ছিলেন। এই দুর্ঘটনায় রাব্বানি নিজে বেঁচে গেলেও তাঁর চাচা, চাচাতো ভাই ও বন্ধুরা মারা গেছেন। স্বজন হারানো মলিনা বেগম জানান, এই মর্মান্তিক ঘটনায় তাঁদের ঈদ আনন্দ চিরতরে শেষ হয়ে গেছে; অসহায় পরিবারগুলোর সহায়তায় তিনি সরকারি অনুদানের দাবি জানান।

এদিকে এই দুর্ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক প্রাণহানি ঘটে। নিহতরা সবাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা এবং নিম্নআয়ের শ্রমজীবী মানুষ ছিলেন, যাঁরা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পুলিশ ইতিমধ্যেই নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং স্বজনদের খবর দিয়ে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here