সর্বশেষসাব লিডসারা বাংলাঈদ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি, পর্যটন এলাকায় বিশেষ নজরদারিBy thedailysky - ২৬/০৫/২০২৬02FacebookXPinterestWhatsApp পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।প্রধান জামাত সুশৃঙ্খলভাবে আয়োজন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেওয়া হয়েছে সমন্বিত ব্যবস্থা।সম্প্রতি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানসহ কর্মকর্তারা। বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে।জেলা প্রশাসন জানায়, ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনায় হোটেল-রেস্তোরাঁয় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীও থাকবে সতর্ক অবস্থানে।পৌরসভা জানিয়েছে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা টিম গঠন করা হয়েছে। পর্যটন এলাকায় দিন-রাত পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।এছাড়া চাঁদাবাজি, ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে।বর্ষাকালে সম্ভাব্য পাহাড়ধস মোকাবিলায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে।জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।