দুপুরের মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

0
3
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৮ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল বুধবার ঈদুল আজহার দিন দেশের আবহাওয়া মোটামুটি স্বস্তিদায়ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি আরও জানান, ঈদুল আজহার দিন রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরং স্বল্প সময়ের বৃষ্টি শেষে দ্রুত আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের নামাজ, কোরবানি ও পারিবারিক আয়োজন বড় ধরনের আবহাওয়া দুর্ভোগ ছাড়াই সম্পন্ন হতে পারে।

আবহাওয়াবিদ জানান, ঈদের দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দেশের পশ্চিমাঞ্চল-বিশেষ করে রাজশাহী বা খুলনা অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে। কোথাও বৃষ্টি শুরু হলে তা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর আকাশ আবার মেঘমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here