ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কুরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি গোষ্ঠীর মন মিয়ার দোকানের সামনে শরীয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কুরবানির পশুর চামড়া রাখেন। এ সময় চামড়া থেকে রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া এর প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইটের আলোয় প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে নয়ন ও রুবেল গুরুতর আহত বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।