ভোলার দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

0
2
ভোলার দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে যৌতুকের দাবিতে ফিমা (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোর ৪ টার দিকে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে কলাকোপা গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী সজীব হাওলাদার ও তার পরিবারের সদস্যরা রাতেই গৃহবধূর লাশ ঘরের মেঝেতে রেখে পালিয়ে গেছে।

নিহত ফিমা বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের আবুল কালামের মেয়ে। তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ফিমার স্বামী সজিব হাওলাদার বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে যৌতুক হিসাবে মোটরসাইকেল দাবি করে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় বাগ্‌বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটত। যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ স্বজনদের।

গৃহবধূর স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here