মেক্সিকোতে পৌঁছে ভিসা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ

0
3
মেক্সিকোতে পৌঁছে ভিসা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছিল। অনেক জলঘোলার পর তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে খেলা হলেও তাদের বেস ক্যাম্প হয়েছে মেক্সিকোতে। গতকাল (রোববার) দেশটিতে পৌঁছে গেছে ইরানের বিশ্বকাপ বহর। কিন্তু দলের একাধিক সদস্য এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এজন্য ফিফার তীব্র সমালোচনা করলেন ইরান ডিফেন্ডার এহসান হাজসাফি।

ক্যালিফোর্নিয়া সীমান্তের নিকটবর্তী মেক্সিকোর তিজুয়ানা শহরে বসেছে ইরানের বেস ক্যাম্প। ভিসা প্রক্রিয়াকরণ জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসন থেকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে তাদের ঘাঁটি।

হাজসাফি বলেছেন, ‘প্রথমত আমরা খুব খুশি যে দল অবশেষে পৌঁছে গেছে। আমরা এনিয়ে আনন্দিত। আল্লাহকে ধন্যবাদ যে দলের অবস্থা খুব ভালো। এত কিছুর পর অবশেষে ভিসা দেওয়া হলো।’

সবাইকে ভিসা না দেওয়ার কারণে ফিফাকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি, ‘ব্যক্তিগতভাবে ফিফার প্রতি আমার একটা অভিযোগ আছে। কেন এত দেরি হলো? আমি যতদূর জানি ভিসা শুধু খেলোয়াড়দের ও কোচিং স্টাফ দলের কিছু সদস্যকে দেওয়া হয়েছে।’

জানা গেছে, ইরানের কিছু সদস্য এখনও ভিসা পাননি। তাদের মধ্যে আছেন ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি, ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মাদ নবি। হাজসাফি বললেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের কোচিং স্টাফদের কিছু সদস্য, দলে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তারা এখনও ভিসা পাননি। তাদের মধ্যে আছেন টিম ম্যানেজার, নির্বাহী পরিচালক এবং মিডিয়া ডিরেক্টর, তারা সবাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফিফাকে আমি এই বিষয়টি সমাধানের অনুরোধ জানাই, ইনশাআল্লাহ, কয়েক দিনের মধ্যে সমাধান হবে।’

হাজসাফি প্রধান কোচ আমির গালেনোয়েইকে উদ্দেশ্য করে কথা বলেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে ৬২ বছর বয়সী কোচ ভিসা পাওয়া ব্যক্তিদের তালিকায় আছেন বলেই জানা গেছে। মেক্সিকোর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টিম বাসে তার ছবি দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here