ট্রাকের চাপে সেতু ধস, পিরোজপুর-বরগুনা সড়ক যোগাযোগ বন্ধ

0
2
ট্রাকের চাপে সেতু ধস, পিরোজপুর-বরগুনা সড়ক যোগাযোগ বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কাঁচামালবোঝাই একটি ট্রাকের ভারে আঞ্চলিক সড়কের একটি বেইলি সেতু ধসে খালে পড়ে গেছে।

বুধবার (১০ জুন) ভোরে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিরোজপুরের মঠবাড়িয়ার সঙ্গে পাশ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচলকারী যানবাহনের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সেতুটি ভেঙে পড়ার পরপরই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, পরিবহনশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচামালবোঝাই ট্রাকটি মঠবাড়িয়ার দিকে যাওয়ার সময় দেবীপুর এলাকার বেইলি সেতুতে ওঠে। সেতুর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ অতিরিক্ত চাপে সেতুর একটি বড় অংশ ধসে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নিচের খালে পড়ে যায়।

স্থানীয়দের দাবি, ট্রাকটিতে ধারণক্ষমতার তুলনায় বেশি পণ্য বোঝাই করা হয়েছিল। ফলে সেতুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং পুরোনো কাঠামো সেই চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

দুর্ঘটনার কারণে মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিকল্প পথ ব্যবহার করে যাত্রী ও পরিবহনগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভারী যানবাহন চলাচলের কারণে প্রায়ই তারা দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করতেন। সর্বশেষ এ ঘটনায় সেতুর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল জানান, খালে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সেতুর পরিস্থিতি পর্যালোচনা করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রমও চলমান রয়েছে। সেতুটি দ্রুত মেরামত অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যান চলাচল পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here