দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কঠোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনবরত ভুল বা বিভ্রান্তিকর বক্তব্য এলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে যদি অনবরত ভুল তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য আসে, তাহলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ফাঁসির মঞ্চকে যারা জীবনের চেয়েও তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
সমাবেশে আরও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসলামী ব্যাংক প্রসঙ্গে বলেন, দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে আবারও বিতর্কিত এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই লালদীঘি ময়দানে ব্যাপক জনসমাগম হয়। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।