জুলাই গণঅভ্যুত্থান: রামপুরায় ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

0
1
জুলাই গণঅভ্যুত্থান: রামপুরায় ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি পাঁচজন।

সোমবার (১৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন ধার্য করেন।

বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাঁচ আসামির সবার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।

মামলায় একমাত্র গ্রেফতার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। বাকি চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

এর আগে গত ১০ জুন চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেন এবং তার বক্তব্যে এক প্রসিকিউটরের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি প্রথম দফায় সাক্ষ্য দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের জন্য প্রসিকিউশনের আবেদনের পর তা স্থগিত করা হয়। পরে প্রথম সাক্ষী আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়।

মামলাটিতে গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এর আগে ৭ আগস্ট প্রসিকিউশন ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছিল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here