নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে যানবাহন চলাচলের সময় জিপিএস সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দীনের সই করা ১১ জুনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে এবং যানবাহন পরিচালনার সময় সেটি বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে।
এ ছাড়া গণপরিবহনের ফিটনেস সনদ প্রদান ও নবায়নের ক্ষেত্রে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী নির্ধারিত বিষয়গুলো যাচাইয়ের পাশাপাশি যানবাহনে জিপিএস সংযুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরপরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ইস্যু বা নবায়ন করা হবে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।