যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রত্যাশিত আলোচনাকে ঘিরে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজক দেশ সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিদলের আগমনের অপেক্ষায় রয়েছে তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিব্দনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদিনে বলা হয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধসংক্রান্ত বিষয়গুলো। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আগে আরও বেশ কয়েকটি জটিল ইস্যুতে আলোচনা প্রয়োজন হবে।
ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন শুরু হয়েছে। তবে ৬০ দিনের আলোচনাকালীন সময়ে পরিস্থিতি কীভাবে এগোয়, সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনার এই পর্যায়ে প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান কোনো টোল আদায় করবে না। তবে ইরান ও ওমানের মধ্যে একটি পৃথক সমঝোতার ভিত্তিতে জাহাজ চলাচল সংক্রান্ত কিছু ফি নির্ধারণের বিষয় বিবেচনায় রয়েছে।
এদিকে বৈঠকে অংশ নিতে আসা প্রতিনিধিদের কেউই এখন পর্যন্ত আলোচনার পরিধি বা সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সরাসরি আলোচনায় অংশ নেবেন।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচনার ফলাফলের ওপর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করতে পারে।