জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

0
1
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল-১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে আলী আকবর (২৬) নামে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি সলিমপুরের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা।

শনিবার (২০ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের এর একটি টিম বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্র জানায়, গত ২২ জানুয়ারি দায়ের হওয়া মামলাটি র‍্যাব সদস্য হত্যা, সরকারি কাজে বাধা, অপহরণ, হামলা এবং অন্যান্য গুরুতর অভিযোগে রুজু করা হয়। ওই মামলার তদন্তে আলী আকবরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি চ্যালেঞ্জিং এলাকা হিসেবে পরিচিত। সেখানে সংঘটিত র‍্যাব সদস্য হত্যার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here