রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ

0
3
রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দের অনুরোধ করেছে জাতিসংঘ। তবে এ অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তা গ্রহণ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

এদিকে জাতিসংঘে বাংলাদেশ পুনরায় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও সেখানেই হতে হবে।

তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ প্রায় এক দশক ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে দেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী ও সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই দ্রুত ও টেকসই সমাধান এখন জরুরি।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস পরিস্থিতির পর বাংলাদেশে বড় ধরনের রোহিঙ্গা প্রবেশ ঘটে। বর্তমানে দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here