শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল, রাফিনহার জায়গায় কে?

0
1
শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল, রাফিনহার জায়গায় কে?

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। গ্রুপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না নিয়মিত উইঙ্গার রাফিনহা, যার জায়গায় একাদশে অভিষেক হতে যাচ্ছে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানের।

বর্তমানে ‘এল’ গ্রুপে মরক্কোর চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। শীর্ষস্থানটি অক্ষুণ্ণ রাখতে কোনো রকম ছাড় দিতে নারাজ আনচেলত্তি। কার্ড সমস্যার ঝুঁকি থাকলেও মূল একাদশে ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোসকে বিশ্রামে রাখছেন না তিনি। উল্লেখ্য, এই দুই ফুটবলার আরেকটি হলুদ কার্ড পেলেই পরবর্তী নকআউট পর্বের ম্যাচ মিস করবেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি তার অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য সেরা একাদশ নিয়ে মাঠে নেমে দর্শকদের একটি চমৎকার ম্যাচ উপহার দেওয়া। রাফিনহার বিকল্প হিসেবে আমরা কাকে খেলাব সে বিষয়ে পরিকল্পনা পরিষ্কার। শুধু কার্ডের ভয়ে দল সাজানোর কোনো যৌক্তিকতা আমি দেখছি না।”

অনুশীলনে ডান প্রান্তের আক্রমণে তরুণ তুর্কি রায়ানকে ঝালিয়ে নিয়েছেন কোচ। যদিও লুইস হেনরিখকে নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরুর আস্থা রায়ানের ওপরই। মাঠের গতি ও আক্রমণাত্মক ফুটবল বজায় রাখতে এই তরুণ ফরোয়ার্ডই কোচের প্রথম পছন্দ।

এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য বড় সুসংবাদ হলো, স্কোয়াডে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে দীর্ঘ ইনজুরি কাটিয়ে আসায় তাকে এখনই ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ১০ নম্বর জার্সিধারী এই মহাতারকা আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের গতিপ্রকৃতি বুঝে দ্বিতীয়ার্ধের কোনো এক সময়ে তাকে মাঠে নামানো হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here