চলমান আন্দোলন আরও বেগবান করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মগবাজারের সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার; ২৩,২৪,২৫ চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ ও ৫ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।
সংবাদ সম্মেলন হামিদুর রহমান আযাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার এক দলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছে বিএনপি।
ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে এগারো দলীয় জোট। এসব কর্মসূচির মূল দাবি জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি করা ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১-৫ জুলাই পর্যন্ত সকল জেলা ও মহানগরে সেমিনার। ২৩, ২৪, ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণমূলক সমাবেশসহ ৫ আগস্ট সারাদেশের সকল জেলা উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ।