সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড ২৮ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, প্রতিবছর দুই দফায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত দিনে কোনো কারণে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ থেকে বাদ পড়লে পরদিন উপজেলা পর্যায়ে তা দেওয়া হবে। আর দুর্গম এলাকায় পরবর্তী চার দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, আজকের মধ্যেই সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে যাবে। এ উপলক্ষে ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ড. এম এ মুহিত বলেন, ১৯৯৫ সালে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হয়। শুধু অন্ধত্ব দূর করা বা অপুষ্টি কমানো নয়, শিশু মৃত্যুর হার কমাতেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, ৬ মাসের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয় না। কারণ তারা বুকের দুধ থেকে ভালো পরিমাণে ভিটামিন ‘এ’ পেয়ে থাকে। আগামী ২৮ জুন শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ বছরের দ্বিতীয় রাউন্ড ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।