প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠল আইভরি কোস্ট

0
1
প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠল আইভরি কোস্ট

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আইভরি কোস্ট। বিনা দ্বিধায় পরের রাউন্ডে যেতে তাদের হার এড়ানোই যথেষ্ট ছিল। তবে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে তারা কুরাসাওকে ২-০ ব্যবধানে হারিয়ে নকআউট নিশ্চিত করল টানা তিন বিশ্বকাপের গ্রুপপর্বে বিদায় নেওয়া আফ্রিকান দেশটি। ম্যাচের দুই অর্ধেই একটি করে গোল করেন নিকোলাস পেপে।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বিশ্বকাপের নবাগত কুরাসাওকে চেপে ধরেছিল আইভরি কোস্ট। ফলশ্রুতিতে ৭ মিনিটে প্রথম লিড নেওয়ার পর ৬৪ মিনিটে ২-০ গোলে জয় নিশ্চিত করেন পেপে। এর আগে আইভরি কোস্ট ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোতে পারেনি। দুই আসর পর টুর্নামেন্টে ফিরে রানারআপ হলো গ্রুপপর্বে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে একই ভেন্যুতে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছিল আফ্রিকান দেশটি। দ্বিতীয় ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জার্মানির কাছে হারে ২-১ ব্যবধানে। বিপরীতে, জার্মানির কাছে বিধ্বস্ত হওয়া কুরাসাও দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করে নকআউটে উঠার আশা বাঁচিয়ে রেখেছিল। তবে তাদের আজ জিততেই হতো। হেরে যাওয়ায় ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দেশটি বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ হওয়ার সুযোগ হারায়।

ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন পেপে। প্রথম গোলটির সূচনা করেন ১৯ বছর বয়সী ইয়ান দিয়োমান্দে। কুরাসাওর রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তিনি বল কেড়ে নিয়ে পেপের কাছে বাড়িয়ে দেন। সহজেই গোলরক্ষক এলয় রুমকেকে পরাস্ত করেন পেপে। ৩৭ বছর বয়সী এলয় রুম আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১৫টি সেভ করে কুরাসাওকে (০-০) বিশ্বকাপে দলটির প্রথম পয়েন্ট এনে দিয়েছিলেন।

৬৪তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন পেপে। তিন মিনিট পর তাকে বদলি করে মাঠ থেকে তুলে নেওয়া হয়, যাতে ৩০ জুনের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে কিছুটা বিশ্রাম পান। আগামী ৩০ জুন শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘আই’-এর রানার্সআপ ফ্রান্স অথবা নরওয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here