অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

0
2
অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে এটি কণ্ঠভোটে পাস হয়।

পাস হওয়া অর্থবিল-২০২৬ এ কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে।

এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন নম্বর। সেই সঙ্গে সংশোধনীতে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর অগ্রিম কর বাতিল করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখেই এবারের অর্থবিল প্রণয়ন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন অর্থবছরের রাজস্ব নীতি ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়ক হবে।

অর্থবিল পাস হওয়ার ফলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঘোষিত আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), শুল্ক এবং সম্পূরক শুল্কসহ বিভিন্ন আর্থিক বিধান নির্ধারিত সময় অনুযায়ী কার্যকর হবে। এর আগে বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবিও সংসদে অনুমোদিত হয়।

সংসদে অর্থবিল পাসের মধ্য দিয়ে নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here