ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবেন। তারা আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন।
বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান ইরান যাচ্ছেন বলে জানানো হয়েছে।
জামায়াত জানায়, প্রতিনিধিদলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে।
সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
একই সঙ্গে এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ এবং সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।