ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেয়ীকে নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সাথে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াশিংটন যেন তেল আবিবে থাকা তার ‘পোষা প্রাণীদের’ মুখ বন্ধ রাখে।
সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেয়ী ‘মৃত্যুর তালিকায়’ (মার্কড ফর ডেথ) রয়েছেন। কাটজের এমন আক্রমণাত্মক মন্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে বলেন, “ইসলামাবাদ সমঝোতার (MoU) শর্তাবলী সবার জন্য অত্যন্ত স্পষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবে তার পোষা প্রাণীদের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যদি তাদের মালিকের কথা অমান্য করে, তবে ইরান তাদের ভালোভাবেই শিক্ষা দেবে।”
এর আগে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ ইরানকে কটাক্ষ করে বলেছিলেন, “ইরানিরা ভালো ব্যবসায়ী, তারা আলোচনার টেবিলে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।” তবে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইসরায়েলের এই বক্তব্যের জবাবে আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন, “আমাদের জনগণ এবং নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে।” মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হওয়া এই উত্তেজনা এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।