নড়াইল সদর উপজেলার ভদ্রবিলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ভদ্রবিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী মহাকাল গ্রামের আকমল কাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের শিশুদের মধ্যে মারামারি হয়। এর জেরে বৃহস্পতিবার আবারও শিশুরা জড়িয়ে পড়লে মোস্তফা কাজীসহ কয়েকজন তা থামাতে যান। শুক্রবার বিকেলে ভদ্রবিলা হাট থেকে বাজার করে বাড়িতে রেখে আবার হাটে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, ভদ্রবিলা গ্রামের কয়েকজন ব্যক্তি তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর জানান, মোস্তফা কাজী নামে একজনকে বিকেলে হাসপাতালে আনা হয়। পরীক্ষায় দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।