বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি জাহান নামে একটি মাছ ধরার ট্রলারের সেফ (পাখা) ভেঙে বিকল হয়ে গেছে। এতে ট্রলারে থাকা ১৭ জন জেলে গত তিন দিন ধরে সাগরে ভাসছেন।
শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার রাতে ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন তাকে বিষয়টি অবহিত করেন।
জানা গেছে, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে ১৭ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। ট্রলারে থাকা জেলেদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিকের বরাত দিয়ে বলেন, গত শনিবার প্রয়োজনীয় রসদ নিয়ে ট্রলারটি গভীর সমুদ্রে যায়। এরপর তিন দিন আগে ট্রলারের সেফ (পাখা) ভেঙে গেলে সেটি বিকল হয়ে পড়ে। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধারের জন্য অনুরোধ জানান।
মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভাসমান জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড পশ্চিম জোনকে বিষয়টি জানানো হয়েছে। কোস্ট গার্ড ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। একই সঙ্গে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও জেলেদের উদ্ধারে পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে।