খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

0
2
খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির একাধিক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সবশেষ দফার হামলায় ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

সেন্টকম জানিয়েছে, ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সবশেষ দফায় অন্তত ৮০টি হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিশানা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাসের লক্ষ্যে প্রণালির ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌকায়ও হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইরান এসব জাহাজে হামলা চালানোর কথা অস্বীকার বা নিশ্চিত কিছুই করেনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা হবে বলেও জানিয়েছে তারা।

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here