মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

0
3
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা ফারুক'সহ গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্রসহ গভীর রাতে ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) মধ্যরাতে আদাবর থানা পুলিশ শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, চক্রটির মূল টার্গেট ছিল একটি মুরগির ফার্মে ডাকাতি করা এবং পুলিশের সোর্সের ওপর হামলা চালানো।

আদাবর থানা-পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনা করেছিল ফারুক ও তার চক্র।

হামলার পরিকল্পনা সফল করতে স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকেও ভাড়াটে সন্ত্রাসী আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশি অভিযানে ভেস্তে যায় তাদের সব প্রস্তুতি। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাপাতি ও সামুরাইসহ মারাত্মক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসময় ছিনতাইচক্রের সদস্যদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানা হেফাজতে নেয়া হয়।

শীর্ষ সন্ত্রাসী ফারুকসহ ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এ সময় তারা দীর্ঘদিন ধরে এই চক্রের হাতে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ও লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।

গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও, তারা একটি বিষয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেন। বাসিন্দাদের অভিযোগ—পুলিশের অভিযানে এই অপরাধীরা গ্রেফতার হলেও কিছুদিন পরই আবার জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে এবং আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here