ময়মনসিংহে ৪ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

0
2
ময়মনসিংহে ৪ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর চার দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগসহ চার দফা দাবিতে ময়মনসিংহে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের টাউন হল এলাকায় সড়ক অবরোধ করা হয়। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে নগরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা দুপুর ১২টার দিকে নগরের টাউন হল এলাকায় জড়ো হয়। তারা টাউন হল মোড় এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে সড়কে যান চলচাল বন্ধ করে দেয়। পরে দুপুর ২টার দিকে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আড়াইটা পর্যন্ত সমাবেশ করেন। বিকেল ৪টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে সমাবেশ শেষ করা হয়।

চার দফা দাবিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন- আমাদের পরীক্ষা স্বাভাবিক আবহাওয়া তে এবং সুস্থ পরিবেশে নিতে হবে। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। যৌক্তিক কারণবশত যদি কেউ এইচএসসি পরীক্ষাতে অনুপস্থিত থাকে তবে যত দ্রুত সম্ভব তার পুনঃপরীক্ষা নিতে হবে। এইচএসসি ২০২৬ এর উপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহিতা করতে হবে এবং এইচএসসি-২৬ যদি তা যুক্তিসংগত মনে না করে তবে তার পদত্যাগ করতে হবে।

কর্মসূচিতে নগরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। তাদের একজন সাব্বির রহমান বলেন, ‘‘চট্টগ্রাম বোর্ডে বন্যা এবং সারা দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় পরীক্ষার স্থগিত না করে আমাদের শিক্ষামন্ত্রী বলছেন, আমরা নাকি ফার্মের মুরগি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা বুক সমান পানির মধ্যে দিয়ে গিয়ে পরীক্ষা দিয়েছে। মাদ্রাসা বোর্ডে দেখেছি হাতে ছাতা নিয়ে পরীক্ষা দিচ্ছে। কেন আমাদের এই দুঃখ কষ্ট সহ্য করতে হবে?’’ তিনি আরও বলেন, ‘‘মন্ত্রী এসি রুমে বসে আছেন, আমাদের শিক্ষার্থীরা কষ্ট করছেন। দেশের আবহাওয়া এত খারাপ উনার কি চোখে পড়ে না?’’

আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘‘দেশের আবহাওয়া ভালো না থাকায় আমরা যাচ্ছি, চলমান পরীক্ষার স্থগিত করা হোক। শিক্ষামন্ত্রী বলেছিলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করবেন। কিন্তু তিনি আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে শুধু পরীক্ষার ব্যবস্থা পরিবর্তন করেছেন। পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি গার্ড দিচ্ছেন, সিসিটিভি ক্যামেরা বসাচ্ছেন কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।’’

শিক্ষার্থী জাবেদ বলেন, ‘‘আজ বিকেল ৪টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এরমধ্যে পদত্যাগ না করলে আগামীকাল পরীক্ষার পর আবারও আন্দোলন শুরু করা হবে।’’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ‘‘শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হয়। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে। আমরাও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখেছিলাম, যেন পরিস্থিতির অবনতি না ঘটে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আড়াইটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here