শুক্রবার সকালে কাতারের ওপর একাধিক আকাশপথে হামলা চালানো হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী এই হামলা সফলভাবে প্রতিহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোর ৩টা ৩০ মিনিটের দিকে প্রথম এবং ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে দ্বিতীয় সতর্কতা বার্তা জারি করে। প্রথম সতর্কবার্তার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। পরবর্তীতে দ্বিতীয় হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেকটি বার্তায় তারা জানায় যে, আরও বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করা হয়েছে।
প্রথম হামলাটি প্রতিহত করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই অভিযানের সময় স্প্লিন্টারের আঘাতে একটি শিশু আহত হয়েছে এবং সে চিকিৎসাধীন রয়েছে। মন্ত্রণালয় আরও জানায় যে, ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তাদের সিভিল ডিফেন্স দলগুলো নির্ধারিত জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
আইনি জটিলতা এড়াতে গুজব ছড়ানো কিংবা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও ক্লিপ প্রকাশ করা থেকে বিরত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিপূর্বে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কাতারে ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর জেরে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের একাধিক কমান্ড সেন্টার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বিমান হামলা চালায়। এর জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এই আঞ্চলিক সংকটের মধ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা চলছে। আবাসিক এলাকায় হামলা হয়েছে। এসব হামলা কোনোভাবেই বিনা জবাবে থাকবে না।”