তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রবিবার সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে আছেন ১০ জন। ক্রিকেটারদের মধ্যে গিয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব।
এ ছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা পাকিস্তানে পৌঁছাবেন সোমবার।
এই সিরিজে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফর থেকে নিজেদের নাম সরিয়ে নেন। রানার জায়গায় নতুন করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন মিরাজ। একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে।
জানা যায় মোস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। শনিবার তার আইপিএল আসর শেষ হয়েছে। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
টি-টোয়েন্টির এই লড়াই শুরু হবে ২৮ মে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

