রাইফেল আর ভারী অস্ত্র কাদের কাছে থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

0
123
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠপর্যায়ের পুলিশের হাতে ভারী মারণাস্ত্র থাকবে না। তবে রাইফেলের মতো সীমিত অস্ত্র বহনের অনুমতি থাকবে।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরপর তিনি র‌্যাব-১ কার্যালয়ও পরিদর্শন করেন।

তিনি বলেন, বিশেষায়িত বাহিনী হিসেবে এপিবিএনের কাছে ভারী অস্ত্র রাখা হবে, তবে সাধারণ থানার পুলিশের জন্য সেটি প্রযোজ্য নয়। সরকার বর্তমানে এপিবিএন, থানা পুলিশসহ পুরো আইনশৃঙ্খলা বাহিনীর অবকাঠামো ও সক্ষমতা উন্নয়নে কাজ করছে। এপিবিএনের একটি বড় সমস্যা হলো যানবাহন সংকট, যা নিরসনে ২০০টি গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসনের ক্ষেত্রে এপিবিএনের অবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও থানা পুলিশের আবাসন ব্যবস্থা অত্যন্ত খারাপ বলে উল্লেখ করেন তিনি। এ সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান।

যানজট সমস্যার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি দেশের মোট জমির অন্তত ২০ শতাংশ রাস্তা থাকার প্রয়োজন হলেও, বাংলাদেশে তা ৭ শতাংশেরও কম। অন্যদিকে, প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের সংখ্যা। এই বাস্তবতায় যানজট অনিবার্য হলেও তা মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের গত ১১ মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। এবারের ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়াও তার প্রমাণ বলে মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here