স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট প্রদত্ত ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে গড়েছেন ইতিহাস। মাত্র ১৭ বছর ৪ মাস বয়সে এই সম্মান অর্জন করে তিনি হয়ে উঠেছেন পুরস্কারটির ইতিহাসে সবচেয়ে কমবয়সি বিজয়ী।
ইউরোপের শীর্ষস্থানীয় ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই পুরস্কারের জন্য ভোট দেন। এতে ইয়ামাল পান ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক ও আর্দা গুলের।
ইয়ামাল বার্সেলোনা এবং স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন। এর আগে বার্সার হয়ে এই সম্মান অর্জন করেছেন:লিওনেল মেসি (২০০৫), পেদ্রি (২০২১) ও স্পেনের হয়ে প্রথমবার এই পুরস্কার জেতেন সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।
বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের ফলেই ইয়ামাল এই পুরস্কারটি জিতেছেন। ইতোমধ্যে তার খেলার কৌশল এবং পরিশ্রম তাকে বিশ্বের অন্যতম সেরা উদীয়মান ফুটবল তারকা হিসেবে পরিচিত করেছে।
ইয়ামালের এই অর্জন শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, স্প্যানিশ ফুটবলের জন্যও এক বিশেষ মাইলফলক। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্য তার সামনে নতুন সুযোগের দরজা খুলে দেবে।
২০২৫ সালে লামিন ইয়ামালের নেতৃত্বে আরও বড় মঞ্চে সাফল্যের আশা করছেন বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের সমর্থকরা।

