দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে উপদেষ্টারা

0
53

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যান উপদেষ্টারা।

সোমবার (২১ জুলাই) বিকেলে রোগীদের দেখতে আসেন তারা। এসময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ মাইলস্টোনে কিন্ডারগার্টেনে যেই দুর্ঘটনা ঘটেছে, আমরা সবাই মর্মাহত ও শোকাহত। আমরা ৬ জন উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে এসেছি। বাকি উপদেষ্টারা মাইলস্টোন কিন্ডারগার্টেনে গেছে। সিএমএইচ হাসপাতালে গেছে। বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, চিকিৎসার বিষয়ে যতটুকু সম্ভব তারা করছে। চিকিৎসার কোন ঘাটতি থাকবে না। যদিও কোন কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি, তা পাওয়া সম্ভব না।

তিনি বলেন, আমরা আগামীকাল (মঙ্গলবার ২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন হবে। পতাকা অর্ধনিমিত থাকবে। প্রধান উপদেষ্টা বারবার ফোন দিয়ে খবর নিচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো? আমরা অবশ্য তদন্ত করে বের করব।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান বলেন, এই দুর্ঘটনায় প্রায় ১০০ জনের মত আহত হয়েছে। এর মধ্যে ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। সিএমএইচ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ১১ জনকে, কুর্মিটোলায় আনা হয়েছে দুজনকে, বার্ন ইনস্টিটিউটে ১ জনকে ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে একজনকে আনা হয়েছে। মোট ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও ৭০ জনের মত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে ৪৮ জন চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা হুমকির মুখে।

তিনি আরও বলেন, অনেকের রক্তের প্রয়োজন হবে। যারা রক্ত দিতে আগ্রহী তারা আগামীকাল সকাল ৮টা থেকে হাসপাতালের সামনে রক্ত দিতে আসবেন। এছাড়া প্রধান উপদেষ্টার দফতর থেকে একটি হটলাইন খোলা হয়েছে। যার নাম্বার ০১৯৪৯০৪৩৬৯৭। হাসপাতালের সামনে হেল্প ডেস্ক খোলা হবে। দগ্ধ রোগীদের সংক্রমণ দ্রুত ছড়ায়, দয়া করে কেউ ভেতরে প্রবেশ করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here