ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে বল হাতে জসপ্রিত বুমরাহকে চেনাই যাচ্ছে না। ৩৩ ওভার বোলিং করে রান দিয়েছেন ১১৫, উইকেট পেয়েছেন মাত্র দুটি। টেস্ট ক্যারিয়ারে বুমরাহ এবারই প্রথম কোনো ইনিংসে ১০০ বা এর চেয়ে বেশি রান দিয়েছেন।
ভারতের এই পেস তারকা তার স্বাভাবিক ছন্দ ও ক্ষিপ্রতা থেকে বেশ দূরে। এমন পরিস্থিতিতে সাবেক ক্রিকেটার মোহম্মদ কাইফ মনে করছেন—সম্ভবত বুমরাহর জন্য টেস্ট থেকে সরে দাঁড়ানোর সময় এসে গেছে।
বুমরাহর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কাইফ বলেন, ‘আমার মনে হয় না আমরা বুমরাহকে আর টেস্টে দেখতে পাব। ওর শরীর আর চাপ নিতে পারছে না। গতি কমে যাচ্ছে, বলের ধার কমছে। টেস্ট ফরম্যাটে কাউকে তুলোয় মুড়ে রাখা যায় না।’
প্রথম টেস্টে হেডিংলেতে বুমরাহর বলের গড় গতি ছিল ঘণ্টায় ১৪১ কিলোমিটার। লর্ডসে তা কমে দাঁড়ায় ১৩৭ কিলোমিটারে। আর ম্যানচেস্টারে গতি আরও কমে যায়, ঘণ্টায় মাত্র ১৩৪ কিলোমিটার। গোটা ইনিংসে মাত্র একবার ১৪০ কিলোমিটারের গতি ছুঁতে পেরেছেন তিনি।
এমন ধারাবাহিকভাবে গতি কমে যাওয়া শরীরিক ক্লান্তিরই ইঙ্গিত বলে মনে করছেন কাইফ। তার মতে, ‘বুমরাহ বুঝতে পারছে ওর শরীর তাকে বাধা দিচ্ছে। সে নিজের ১০০ শতাংশ দিতে পারছে না, উইকেট পাচ্ছে না, ম্যাচের মোড় ঘোরাতে পারছে না। এটা ওর শেষ সিরিজ হতে পারে। আমার ধারণা, ও নিজেই সরে আসবে।’
ইতিমধ্যেই ভারতের টেস্ট ক্রিকেটে বড়সড় বদল এসেছে। ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তার কিছুদিন আগেই অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। কাইফ মনে করছেন, এখন সময় এসেছে নতুন যুগে অভ্যস্ত হওয়ার।
তিনি বলেন, ‘প্রথমে রোহিত, তারপর কোহলি, এবার হয়তো বুমরাহও। আমাদের এখন ভারতের টেস্ট ক্রিকেটকে দেখতে হবে এই সেরা খেলোয়াড়দের ছাড়াই।’
ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা স্পষ্ট। টেস্ট ফরম্যাটে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মুখদের অবসর নতুন প্রতিভাদের জন্য সুযোগ খুলে দিচ্ছে, তবে একইসঙ্গে চ্যালেঞ্জও বাড়াচ্ছে দলের জন্য। এখন দেখার, বুমরাহ আদৌ টেস্টকে বিদায় জানান কি না।

