নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

0
116

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ।

এর আগে, শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া ও সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের সরুন্ডী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলা বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও পৌর আওয়ামী লীগের শরিফুল ইসলাম নান্টু।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here