বন্যায় ৫ দিন ট্রেন বন্ধ: ৮৮ লাখ টাকার টিকিট ফেরত দিল রেলওয়ে

0
1
বন্যায় ৫ দিন ট্রেন বন্ধ: ৮৮ লাখ টাকার টিকিট ফেরত দিল রেলওয়ে

সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় চট্টগ্রাম অঞ্চলে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। আর এতে বড় অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে। কেবল অগ্রিম বিক্রিকৃত টিকিটের অর্থ বাবদই যাত্রীদের প্রায় ৮৮ লাখ টাকা ফেরত দিতে হয়েছে রেল কর্তৃপক্ষকে।

রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, টানা বর্ষণে রেললাইন তলিয়ে যাওয়ায় গত ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্থগিত রাখা হয়। এ সময় ওই রুটের অগ্রিম বিক্রি হওয়া ১১ হাজার ৩৩৭টি টিকিট বাতিল করতে হয়। এর বিপরীতে যাত্রীদের মোট ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দেওয়া হয়েছে।

হিসাবকৃত এই লোকসানের পাশাপাশি টানা পাঁচ দিন অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকায় রেলের পরোক্ষ আর্থিক ক্ষতিও কম হয়নি। আকস্মিক বন্যায় দূরপাল্লার অনেক যাত্রী কক্সবাজার ভ্রমণ বাতিল করায় ওই সময়ে রেলের অন্যান্য রুটেও যাত্রীসংখ্যা লক্ষণীয়ভাবে কমে যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, সাধারণ নিয়মে রেললাইনের ওপর চার ইঞ্চি পর্যন্ত পানি থাকলেও ট্রেন চালানো সম্ভব হয়। কিন্তু এবার রেললাইন অন্তত দুই ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল। ফলে নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। পানি নেমে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে ১২ জুলাই থেকে ধীরগতিতে সীমিত পরিসরে এই রুটে পুনরায় ট্রেন চালু করা হয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে চট্টগ্রাম নগরের প্রায় ৫০০ মিটার রেললাইন তলিয়ে গেলেও অবকাঠামোর বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই সাময়িকভাবে চট্টগ্রাম–কক্সবাজার রুটে স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং ঢাকা–কক্সবাজার রুটের ট্রেনগুলোকে ঢাকা–চট্টগ্রাম পর্যন্ত চালিয়ে নেওয়া হয়েছে।

ভবিষ্যতে এই জনপ্রিয় রুটে এমন জলাবদ্ধতা এড়াতে টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও লাইন উঁচু করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here