দেশের জনপ্রিয় তিন অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান আবারও একসঙ্গে অভিনয় করছেন নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’-এ। ব্যক্তিজীবনে ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তাদের একসঙ্গে অভিনয় বরাবরই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।
নাটকটি রচনা করেছেন আহাম্মেদ শাহাবুদ্দিন, আর পরিচালনার দায়িত্বে রয়েছেন শামীম জামান। ধারাবাহিকটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে পূবাইলে।
শামীম জামান জানান, এই নাটকের মাধ্যমে আমরা তিন বন্ধু আবার একসঙ্গে কাজ করছি। সাধারণ মানুষের জীবনের সরল গল্প নিয়েই নাটকটি তৈরি হচ্ছে। দর্শকদের জন্য হাসি-আনন্দ আর বিনোদনের পসরা সাজানো আছে এতে।
নাটকে আরও অভিনয় করেছেন—জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজ প্রমুখ।
‘শাদী মোবারক’ নাটকটি শিগগিরই প্রচারিত হবে মাছরাঙা টিভিতে।

