বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা এবং সফরের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে মেক্সিকো সরকার। এর আগে বাংলাদেশের নাগরিকদের ভিসা আবেদনের জন্য নয়াদিল্লির মেক্সিকো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হতো।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশের নাগরিকরা এখন এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো মেক্সিকো দূতাবাস বা কনস্যুলেট বা বিশ্বব্যাপী অন্যান্য নির্ধারিত স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।
মেক্সিকোর অভিবাসন বিধিমালা অনুযায়ী সব দেশের দর্শনার্থীদের মেক্সিকোর ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত সে দেশে অবস্থানের অনুমতি দেয়। তবে শর্ত হচ্ছে, তাদের বৈধ পাসপোর্ট এবং কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন অঞ্চলের যেকোনো দেশের বৈধ ভিসা থাকতে হবে।

