গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশে দোকানে ঢুকে পড়ায় আরমান আলী (৩০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোর পৌনে ৬টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ফুটানি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফুটানি বাজার এলাকায় একটি দোকানে সজোরে ঢুকে পড়ে। দোকানে থাকা আরমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

