গাজায় গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
হামাস জানায়, গত ১৪ মাসে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে এই জিম্মিরা নিহত হয়েছেন। তবে নিহতদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আপনাদের পাগলামির কারণে আপনারা আপনাদের জিম্মিদের চিরতরে হারাতে পারেন। দেরি হওয়ার আগে যা করার করুন।
হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জিম্মিদের হত্যাকাণ্ডের সময়, স্থান এবং প্রক্রিয়া সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজায় যুদ্ধবিরতির জন্য মিসরসহ মিত্র দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং বাকি জিম্মিদের মুক্তির শর্তে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

