যুক্তরাষ্ট্রে পার্সেল সেবা সাময়িক স্থগিত করলো ভারত

0
118

মার্কিন শুল্ক নীতিতে পরিবর্তনের জেরে ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রগামী বেশিরভাগ ডাক চালান সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে পাঠানো প্রায় সব পণ্য শুল্কের আওতায় আসবে।

শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদেন বলা হয়েছে, গত ৩০ জুলাই মার্কিন সরকার এক আদেশে ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের পণ্যের জন্য চালু থাকা শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করে। নতুন বিধান অনুযায়ী, ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রেরিত সব ডাকপণ্য আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন (IEEPA) কাঠামোর অধীনে শুল্কের আওতাভুক্ত হবে। কেবলমাত্র ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।

আরও বলা হয়েছে, নির্দিষ্ট আন্তর্জাতিক ক্যারিয়ার এবং মার্কিন কাস্টমস অনুমোদিত পক্ষগুলোই এই শুল্ক সংগ্রহ ও পরিশোধ করতে পারবে। তবে, অনুমোদন ও প্রক্রিয়া এখনও স্পষ্ট না হওয়ায় বিমান সংস্থাগুলি জানিয়েছে যে, ২৫ আগস্ট থেকে তারা যুক্তরাষ্ট্রগামী ডাক পার্সেল বহন করতে পারবে না।

ইন্ডিয়া পোস্ট জানিয়েছে, ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে চিঠি, নথি এবং ১০০ ডলারের কম মূল্যের উপহার বাদে সব ধরনের চালান বুকিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই বুক হওয়া পার্সেলের অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে।

এক বিবৃতিতে ডাক বিভাগ জানিয়েছে, “গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ পরিষেবা পুনরায় চালু করতে সব ব্যবস্থা নেওয়া হবে।”

তবে ভারত একমাত্র দেশ নয় যে এই পদক্ষেপ নিয়েছে। এর আগে স্ক্যান্ডিনেভিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স ও বেলজিয়ামের ডাক সংস্থাগুলিও নতুন শুল্ক কাঠামোর আগে থেকেই যুক্তরাষ্ট্রগামী পার্সেল পরিষেবা স্থগিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here