ঢাকার বায়ুমানে অবনতি, দূষণের শীর্ষে লাহোর

0
98

ঢাকার বায়ুমান আজও সহনীয় পর্যায়ে থাকলেও গতকালের তুলনায় দূষণের মাত্রা বেড়েছে। সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার একিউআই রেকর্ড হয়েছে ৮৮। এতে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম। গতকাল রোববার সকাল ৯টায় ঢাকার একিউআই ছিল ৬০ এবং অবস্থান ছিল ৬৪তম।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, যার একিউআই ১৫৪। দ্বিতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা (১৬২), এরপর ফিলিপাইনের ম্যানিলা (১৫৩), চীনের চেংদু (১৫১) এবং ইন্দোনেশিয়ার বাটাম (১২৪)।

আইকিউএয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (PM2.5) দূষণের প্রধান উৎস। এসব দূষক শ্বাসতন্ত্র ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যসমস্যা তৈরি করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে একিউআই ৫০-এর নিচে থাকলে বাতাসকে বিশুদ্ধ ধরা হয়। ৫১–১০০ সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, ১৫১–২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর ওপরে হলে বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

দীর্ঘদিন ঢাকার বায়ুদূষণ অতিমাত্রায় থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সবাইকে বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইটভাটা ও শিল্পকারখানা থেকে নির্গমন কমানো, বর্জ্য না পোড়ানো, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পরিবহনের সময় ট্রাক-লরি ঢেকে নেওয়া, দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং ধোঁয়াযুক্ত পুরোনো যানবাহন রাস্তায় না চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।