সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
সাক্ষাতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানে মন্ত্রণালয়ের উদ্যোগ এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়েও আলোচনা হয়।
এ সময় ইউনেসকো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিন উপস্থিত ছিলেন।

